পোশাকশিল্পের সংকট নিয়ে সরকারের দ্রুত পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান

Shafiqul Rahman
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতাকে গুরুতর উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংকট কাটাতে সরকারকে দ্রুত এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে শফিকুর রহমান বলেন, পোশাকশিল্প এখন কঠিন সময়ের মধ্যে রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘাটতি, জ্বালানির বেশি দাম ও উৎপাদন ব্যয় বৃদ্ধি শিল্পটির ওপর চাপ বাড়িয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল বা কমে যাওয়াও সংকটকে তীব্র করছে। শিল্পের সমস্যার পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্য, যাতায়াত ও চিকিৎসার খরচ বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকদের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন জামায়াতের আমির। শফিকুর রহমানের মতে, দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন। উৎপাদন সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উৎপাদনের গতি বাড়লে অন্য সমস্যাগুলোও বিবেচনা করে সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব। তিনি আরও বলেন, পোশাকশিল্প টিকে থাকলে তার সুফল কেবল উদ্যোক্তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দেশও উপকৃত হবে। তাই শিল্পমালিকদের পাশাপাশি এই খাতে কাজ করা শ্রমিকদের সুরক্ষার দায়িত্বও সরকারকে নিতে হবে বলে মত দেন তিনি। বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান শফিকুর রহমান। এ বিষয়ে ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে আরও গভীর সংকটে ফেলতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দেরি করার সুযোগ নেই।
সূত্র ↗