মেহেদী হকের কর্মশালায় কমিকস আঁকা শিখলেন তরুণ শিল্পীরা

তরুণ শিল্পী ও কমিকসপ্রেমীদের নিয়ে দিনব্যাপী অঙ্কন ও কনসেপ্ট আর্ট কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের পরিচিত কমিকস শিল্পী ও কার্টুনিস্ট মেহেদী হক। আয়োজক ইওন স্টুডিও ও ঢাকা কমিকসের উদ্যোগে শুক্রবার, ২৭ নভেম্বর, ঢাকার গ্রিন রোডের পারাকুঞ্জে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আগ্রহী শিল্পীরা অংশ নেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মেহেদী হকের নির্দেশনায় অংশগ্রহণকারীরা কনসেপ্ট আর্ট, চরিত্র নকশা এবং কমিকসের বিভিন্ন প্যানেল আঁকার ব্যবহারিক কৌশল নিয়ে কাজ করেন। গ্রাফিক নভেল তৈরির প্রাথমিক ধাপ সম্পর্কেও হাতে-কলমে ধারণা দেওয়া হয়। কর্মশালাটির লক্ষ্য ছিল শুধু আঁকার কৌশল শেখানো নয়, বরং কমিকস ও গ্রাফিক নভেলের কাজে নতুনদের সৃজনশীলভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা।
আয়োজকেরা জানান, অংশগ্রহণকারীদের তৈরি কিছু নির্বাচিত শিল্পকর্ম ভবিষ্যতে ইওনের গ্রাফিক নভেলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। এতে তরুণ শিল্পীদের কাজ পেশাদার প্রকাশনায় স্থান পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। ইওনকে এক হাজার বছরের ইতিহাসজুড়ে বিস্তৃত পাঁচটি পরস্পরসংযুক্ত গল্পের কল্পজগৎ হিসেবে তুলে ধরা হয়েছে; কমিকস ধারাবাহিক এর প্রধান প্রকাশমাধ্যম।
ইওন স্টুডিওর পরিকল্পনায় ভবিষ্যতে অ্যানিমেশন, গেমস, সংগ্রহযোগ্য সামগ্রী ও ডিজিটাল মাধ্যমেও এই কল্পজগৎ বিস্তারের কথা রয়েছে। আয়োজনটিতে সহযোগিতা করেছে চিরাগ প্রোডাকশন, আর ভেন্যু সহযোগী ছিল পারাকুঞ্জো। আয়োজকদের ভাষ্য, দেশের উদীয়মান শিল্পীদের সঙ্গে সংযোগ তৈরি এবং নতুন প্রতিভা, গল্প ও মৌলিক শিল্পচর্চার পরিসর গড়ে তোলাই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য।
সূত্র ↗