মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

Tulip Siddiq
বাংলাদেশে দুর্নীতির অভিযোগে বিচারের ঘটনায় নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও এমপি টিউলিপ সিদ্দিক। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নতুন পডকাস্ট ‘পলিটিকস আনলিশড’-এ তিনি বলেছেন, বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং মামলা করার ভিত্তি আছে কি না খতিয়ে দেখছেন। টিউলিপ ওই কার্যক্রমকে ‘বিদ্বেষমূলক বিচার’ বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারপ্রক্রিয়া রাজনৈতিক বিরোধের অংশ। তিনি অতীতেও অভিযোগগুলোকে ভিত্তিহীন বলেছেন এবং নিজেকে শেখ হাসিনা ও ইউনূসের দীর্ঘদিনের বিরোধের ‘পার্শ্বক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন। ইউনূসের ঘনিষ্ঠ দুজনের মাধ্যমে মন্তব্য চাওয়া হলেও তিনি সাড়া দেননি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের একটি আদালত গত ডিসেম্বরে টিউলিপকে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় পরিবারের জন্য ঢাকার উপকণ্ঠে একটি আবাসন-সংক্রান্ত প্লট পেতে প্রভাব খাটানোর অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। টিউলিপ অভিযোগ অস্বীকার করেছেন; তিনি লন্ডনে থাকেন এবং ওই সাজা ভোগ করার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে বলা হয়েছে। টিউলিপের ভাষ্য, অভিযোগের ব্যাখ্যা চেয়ে তাঁর আইনজীবীরা বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠালেও উত্তর পাননি। তিনি আরও বলেন, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ইউনূসকে হাতে লেখা চিঠি দিয়ে সাক্ষাতের অনুরোধ করেছিলেন, কিন্তু দেখা হয়নি। অনুপস্থিতিতে বিচার ও দণ্ডের খবর কীভাবে জানতে পেরেছিলেন, তা বলতে গিয়ে তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের সতর্কবার্তায় বিষয়টি দেখেন।
সূত্র ↗