রম্যা কৃষ্ণন বললেন, কাস্টিং কাউচের শিকার হতে পারেন পুরুষেরাও

Ramya Krishnan
বিনোদনজগতে ক্ষমতার অপব্যবহার ও কাস্টিং কাউচের অস্তিত্ব অস্বীকার করা যায় না—এমনই মত দক্ষিণী অভিনেত্রী রম্যা কৃষ্ণনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি শুধু নারীরাই হন না; পুরুষেরাও এর শিকার হতে পারেন। তাঁর মতে, সমস্যাটি কোনও একটি দেশ কিংবা নির্দিষ্ট পেশার মধ্যে সীমাবদ্ধ নয়। সাক্ষাৎকারে চলচ্চিত্রজগতে কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন করা হলে রম্যা জানান, অতীতেও এমন ঘটনা ঘটেছে, এখনও ঘটছে। নিজের বক্তব্যের প্রসঙ্গে তিনি এপস্টিন-কাণ্ডের কথাও তোলেন। অভিনেত্রীর বক্তব্য, যুক্তরাষ্ট্রের মতো দেশেও নারীরা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন; তাই তাঁর মতে, এখানে এমন কিছু ঘটে না—এ কথা বলা যায় না। তিনি বলেন, সময় বদলালেও ক্ষমতাবানদের হাতে শোষণের ঘটনা সহজে শেষ হয় না, যদিও তা ঘটানোর ধরন বদলাতে পারে। রম্যার মতে, পরিস্থিতিতে সম্মতি ছিল কি না, কিংবা কেউ চাপের মুখে পড়েছিলেন কি না—এসব বিষয় সময়ের সঙ্গে ভিন্ন হতে পারে। তিনি আরও বলেন, চলচ্চিত্রজগতের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে মানুষ শোষণের শিকার হন। তাঁর কথায়, বিনোদনপেশার ঝলমলে পরিচয়ের কারণে এ নিয়ে বেশি আলোচনা হয়, কিন্তু সমস্যাটি সমাজের নানা অংশেই রয়েছে। এ ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে ভেদাভেদ নেই বলেও মত দেন তিনি। একই সাক্ষাৎকারে নিজের দাম্পত্যজীবন নিয়ে চলা জল্পনারও জবাব দিয়েছেন অভিনেত্রী। পরিচালক কৃষ্ণ বংশীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে—এমন গুঞ্জন দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল। রম্যা স্পষ্ট করেন, তাঁদের বিয়ে ভাঙেনি। কাজের সুবিধার জন্য তাঁরা আলাদা শহরে থাকেন, এবং এভাবেই দু’জন সুখে আছেন বলে জানান তিনি।
সূত্র ↗